সিলেট প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে কেয়ারটেকার কর্তৃক শাহজাহান হোসেন (৫০) নামের এক যুক্তরাজ্য প্রবাসীকে মারধর করে দোকানঘর জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার বিকেলে প্রবাসী বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার জাউয়া এলাকার মৃত ওয়াশিদ আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান হোসেনের পিতার নামে কোটি টাকার একটি দোকান ঘর রয়েছে জাউয়াবাজারে। সেই দোকান ঘর দেখা শুনা করার জন্য একই গ্রামের মৃত আর্শদ আলীর ছেলে আলমগীর হোসেনকে দায়িত্ব দেন ওই প্রবাসী। দীর্ঘদিন দেখা শুনা করার এক পর্যায়ে দোকান ঘরের প্রতি লোভ জন্ম নেয় কেয়ারটেকার আলমগীর হোসেনের। বিষয়টি টের পেয়ে গত ১৫ এপ্রিল দোকান কোঠায় তালা ঝুলিয়ে দেন প্রবাসী শাহজাহান। এ কারণে ক্ষিপ্ত হয়ে প্রবাসীকে বিভিন্ন ভাবে প্রাণে মারার হুমকি-ধামকি দিয়ে আসছিল সে। গত শনিবার রাত ৮টার দিকে ওই কেয়ারটেকারসহ একদল লোক দোকানের তালাসহ সিসি ক্যামেরা ভাঙচুর করে। এতে বাঁধা দিতে এসে ওই প্রবাসীকে হাতুড়িসহ লাঠিসোটা দিয়ে মারধর করে কেয়ারকেটারসহ তার সহযোগিরা।
এবিষয়ে প্রবাসী শাহজাহান হোসেন বলেন, ফ্যাসিস্টের দোসর হিসাবে চিহ্নিত আলমগীর হোসেন দীর্ঘ দিন ধরে আমার দোকান ঘরের দেখা শুনার দায়িত্ব ছিলো। সরল মনে তাকে আমি সব কিছু সমঝিয়ে দিয়েছিলাম। কখনও কল্পনা করিনি সে আমার বুকে ছুড়ি চালাবে। তিনি বলেন, চিহ্নিত ফ্যাসিস্ট আওয়ামী ক্যাডারদের ভাড়া করে আমার দোকানের তালা ভেঙে দখলের চেষ্টা চালায়। তিনি এর উপযুক্ত বিচার চান। এব্যাপারে আলমগীর হোসেনের বক্তব্য জানতে তার ব্যক্তিগত নম্বরে ফোন দিলে বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেছুর রহমান আকন্দ ছুটিতে থাকায় প্রবাসী কর্তৃক লিখিত অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করেছেন জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল কবির।
Leave a Reply