ছাতক( সুনামগঞ্জ) প্রতিনিধি
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেলের বক্তব্যকে খণ্ডিত ও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও সাম্প্রদায়িক উসকানিমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপ। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের ন্যায্য অর্থনৈতিক সুরক্ষার দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত ১৭ সেপ্টেম্বর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সম্মেলন কক্ষে ইসলামপুর ইউনিয়নের সোনাই নদীতে এলসি কার্যক্রম চালুর বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপ এবং ছাতক পাথর ব্যবসায়ী সমিতির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল ছাতক ও দোয়ারাবাজার অঞ্চলের ব্যবসায়ী সমাজ এবং স্থানীয় সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষার বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সোনাই নদীতে অপরিকল্পিতভাবে এলসি কার্যক্রম শুরু হলে স্থানীয় ছাতক-দোয়ারার ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং বাইরের জেলার ব্যবসায়ীরা একচেটিয়া সুবিধা নেবেন। সভায় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দও চেয়ারম্যানের এই বাস্তবসম্মত বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানান।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল স্থানীয় ব্যবসায়ীদের ন্যায্য অর্থনৈতিক দাবিকে পাশ কাটিয়ে চেয়ারম্যানের বক্তব্যকে খণ্ডিতভাবে উপস্থাপন করছে। এটিকে সাম্প্রদায়িক রূপ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে এলাকার দীর্ঘদিনের সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে।
নেতৃবৃন্দ আরও বলেন, “ছাতক অঞ্চলে হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সাথে বসবাস করে আসছেন। একটি নিখাদ অর্থনৈতিক বক্তব্যকে সাম্প্রদায়িক রঙ দেওয়া অত্যন্ত নিন্দনীয়।”
ব্যবসায়িক বা নীতিগত যেকোনো বিষয়ে মতপার্থক্য থাকলে তা গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, অসত্য তথ্য ও সাম্প্রদায়িক উসকানি দিয়ে ছাতকের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকতে হবে। একই সঙ্গে এসব বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দেওয়ার জন্য সর্বস্তরের জনসাধারণ ও সচেতন মহলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপ।
Leave a Reply