নুর উদ্দিন :
দিনে-দুপুরে ছাতকের দোলারবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী সালেহা বেগমের বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। লুটপাটের ঘটনাটি ঘটিয়েছেন আরেক ইংল্যান্ড প্রবাসী দম্পতি।
সরজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামের ইংল্যান্ড প্রবাসী মৃত আবদুল করিমের স্ত্রী প্রবাসী সালেহা বেগম ও তার পরিবারের লোকজনের সাথে চাচা শশুর মাহমদ আলী ও চাচী শাশুড়ী রহিমা বেগমের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সালেহা বেগম দেশে আসলে বিরোধ আরও বেড়ে যায়। এ বিরোধে মাহমদ আলী গংদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। কিছুদিন আগে তিনি ইংল্যান্ডে চলে যাওয়ার পর এ সুযোগে গত ২৫ মে সকালে রহিমা বেগম নিজে উপস্থিত থেকে ২০-২৫জন লোক দিয়ে প্রবাসী সালেহা বেগমের বাড়ির লোহার গেট ও সীমানা প্রাচীর ভেঙ্গে ৫টি গাছ, ২শতাধিক বাঁশ কেটে নিয়ে যায়। খবর পেয়ে প্রবাসী সালেহা বেগমের ননদ রসমাল ও আত্মীয় স্বজন এসে তাদের বাঁধা আপত্তি দিলেও প্রাণ নাশক অস্ত্র দেখিয়ে জোর পূর্বক ৩ ঘন্টাব্যাপী এ তান্ডব চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ আসে। তাদের বাঁধাও মানেনি সংঘবদ্ধ ভাঙচুর ও লুটপাট কারীরা। লুট ও ভাংচুরে আড়াই লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রবাসী সালেহা বেগমের ননদ রসমালা বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন ২০১৪ এর ৪ ও ৫ ধারায় গেল ২জুন মাহমদ আলী, রহিমা বেগম, আক্কেল আলী, ওয়াহিদ উল্লাহ, সাদিকুর রহমান, নজরুল ইসলাম, আল আমিন ও মনির আলীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী রসমালা বলেন, আদালতে মামলা চলার পরও প্রতিপক্ষের লোকজন প্রাণ নাশক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের জিম্মি করে লোহার গেইট খুলে নিয়ে যায়। লোহার বড় হাতুড়ি দিয়ে বাউন্ডারি দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলে। তারা অসংখ্য বাঁশ, বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়েছে জোরপূর্বক।
বাড়ির গেইট, সীমানা প্রাচীর ভাঙ্গা, গাছ, বাঁশ কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের বিষযটি শিকার করে মাহমদ আলীর স্ত্রী রহিমা বেগম বলেন, আক্কল আলীর বাড়ির লোকজনের চলাচলের রাস্তা তৈরি করে দিয়েছি দেওয়াল ভেঙ্গে।
জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, উপ-পরিদর্শক পলাশ চন্দ্র বলেন, মামলাটি তদন্তাধীন। তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। ##
Leave a Reply