ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। শনিবার (৯ নভেম্বর) দুপুরে ছাতক শহরের বাগবাড়িস্থ নিজ বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন মিলন বলেন, “সংবাদকর্মী ও রাজনৈতিক কর্মীরা সমাজের দুই গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা, সমাজের সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরা।”
তিনি আরও বলেন, “আমি দলীয় মনোনয়ন পেয়ে অত্যন্ত গর্বিত ও অনুপ্রাণিত। দলের নেতাকর্মী ও ছাতক-দোয়ারাবাজারবাসীর সার্বিক সহযোগিতা পেলে আসন্ন নির্বাচনে এই আসনটি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারব—এই বিশ্বাস আমার আছে।”
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, নির্বাচিত হলে এ আসনের অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে চান তিনি। বিশেষ করে বেকারত্ব দূরীকরণ, যুবসমাজকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনা, নদী খনন, এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন—এমন এক পরিকল্পনা নিয়ে তিনি মাঠে নামতে চান।
কলিম উদ্দিন মিলন বলেন, “ছাতক ও দোয়ারাবাজারের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি চাই তাদের মুখে হাসি ফোটাতে। উন্নয়ন, কর্মসংস্থান ও জনসেবাকে কেন্দ্র করেই আমার রাজনীতি গড়ে তুলতে চাই।”
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফলুল করিম বকুল, পৌর বিএনপির আহ্বায়ক সামসুর রহমান শামছু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান এমরানসহ স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কলিম উদ্দিন মিলন বলেন, রাজনীতি জনগণের কল্যাণের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান—সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে আলোকিত করতে।
Leave a Reply