ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে দায়িত্বশীল সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগে আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। ভুয়া তথ্য ও কুৎসা রটনার মাধ্যমে সাংবাদিকদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টার অভিযোগে আদালতে ১টি মামলা দায়ের করা হয়।
রবিবার (১১ জানুয়ারি) সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাতীয় দৈনিক ভোরের চেতনা-র ছাতক উপজেলা প্রতিনিধি মো. ফজল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে ছাতক পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. তানভির আহমেদ জাকির এবং একই উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের বাসিন্দা আব্দুস সালামকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর আব্দুস সালামের প্রত্যক্ষ সহযোগিতায় তানভির আহমেদ জাকির উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদী মো. ফজল উদ্দিন ও জাতীয় দৈনিক সমকাল, উত্তরপূর্ব ও নিউ এজ-এর ছাতক উপজেলা প্রতিনিধি শাহ আক্তারুজ্জামানের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালায়।
এতে সামাজিকভাবে তাদের সম্মানহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার বাদী মো. ফজল উদ্দিন জানান, মিথ্যা অভিযোগ তুলে কোনো বক্তব্য গ্রহণ বা অনুমতি ছাড়াই অভিযুক্তরা আমাদের ছবি ব্যবহার করে ফেসবুকে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করেছল। এর ফলে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন এবং পেশাগত মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আইনি প্রতিকার চেয়ে তিনি আদালতে এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ছাতক থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার আইনজীবী এ্যাডভোকেট আবুল ফজল মোহাম্মদ ফাহিম।
Leave a Reply